২০০০ সালে দক্ষিণ আফ্রিকা দলের ভারত সফর নিয়ে নতুন করে অভিযোগপত্র দাখিল করেছে দিল্লি পুলিশ। যেখানে একটি করে নির্দিষ্ট টেস্ট ও ওয়ানডে ম্যাচ পাতানো হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সেই ভারত সফর ক্রিকেট ইতিহাসেই অন্যতম কালো অধ্যায় হয়ে আছে। সেই সিরিজেই ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল সাবেক প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের বিরুদ্ধে। যিনি নিষিদ্ধও হয়েছিলেন। পরে অবশ্য রহস্যময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
জুয়াড়ি সঞ্জীব চাওলা অভিযুক্ত হয়েছিলেন এবং গ্রেপ্তারও হন। পরে অবশ্য ছাড়া পান হাই কোর্টের নির্দেশ না থাকায়।
দিল্লি পুলিশের নতুন করে দাখিল করা অভিযোগ পত্রে জুয়াড়ি সঞ্জীব চাওলার ভূমিকা এবং কোন কোন ম্যাচে বেটিং হয়েছিল তার বিস্তারিত বিবরণ রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। মুম্বাইয়ে সিরিজের প্রথম টেস্ট এবং কোচিতে প্রথম একদিনের ম্যাচে গড়াপেটা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ওই সফরে ২ ম্যাচের টেস্ট ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে হারে।
অভিযোগ পত্রে সাক্ষীর সংখ্যা ৬৮ জন। তার মধ্যে বড় নামও রয়েছে। রয়েছেন তৎকালীন বোর্ড সচিব জয়ন্ত লেলে। যদিও ২০১৩ সালে তিনি মারা যান।
