ঈদুল ফিতর উপলক্ষে রাশিয়ার মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা বার্তায় রুশ সংস্কৃতিতে মুসলমানের অবদানের কথাও তুলে ধরেছেন তিনি।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিবৃতিতে পুতিন বলেন, “পবিত্র রমজান শেষে রোজা ভাঙার এই উদ্যাপনের বিশেষ আধ্যাত্মিক মানে রয়েছে। নৈতিক শুদ্ধি ও পূর্ণতা পাওয়ার অমূল্য অভিজ্ঞতা পাওয়ার আনন্দ। আন্তরিক প্রার্থনার জন্যই নয় এই উদ্যাপন অভাবীদের প্রতি নজর দেওয়ার জন্যও শত শত বছরের রীতি হয়ে দাঁড়িয়েছে।”
ঈদ শুভেচ্ছায় পুতিন উল্লেখ করেন, রাশিয়ান মুসলমানরা তাদের বাবা ও দাদাদের আমলের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চাগুলো খুব সম্মানের সঙ্গে উদ্যাপন করে আসছে। এসব পালনে উঠতি প্রজন্মকেও দীক্ষা দিচ্ছে তারা।
“রাশিয়া মুসলিম সম্প্রদায় আমাদের দেশের জীবন-যাপনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক শান্তি, সমাজে নাগরিক সম্প্রীতি, পারিবারিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ও তরুণদের শিক্ষিত করা এসব ক্ষেত্রে অমূল্য অবদান রাখছে তারা।”
বর্তমান করোনাভাইরাস সংকট লড়াইয়ে রাশিয়ান মুসলমানদের অবদানের কথাও অকপটে স্বীকার করলেন পুতিন, “নিশ্চিতভাবে ভয়াবহ রোগটির বিপক্ষে লড়াইয়ে মুসলিম সম্প্রদায়ের মানবিক সহযোগিতা, চ্যারিটি মিশন এবং মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় দেশের সকল মুসলমান অসাধারণ দায়িত্ব পালন করছে।”
ঈদ উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো বিশ্বনেতারাও।
