সুরক্ষা সামগ্রীর অভাবে স্পেনে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

আপডেট : ২৬ মে ২০২০, ০৮:৫৫ এএম

করোনাভাইরাস মোকাবিলায় সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দেওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্পেনের স্বাস্থ্যকর্মীদের মাঝে। সোমবার তারা মাদ্রিদের হাসপাতালগুলোর বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা।

সুরক্ষা পোশাক পরে তাতে অংশগ্রহণ করেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তাদের হাতে ছিল নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড; এসবের মূল কথা, ‘স্বাস্থ্যকর্মীরা অপরিহার্য’।

বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে বিভিন্ন ইনস্টিটিউশনের সামনে দুই মিনিট নীরব দাঁড়িয়ে থাকেন তারা। কারও প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘অস্ত্র ছাড়াই যুদ্ধ করছি আমরা’, ‘সেবকদের সেবা কারা করে’, ‘জনস্বাস্থ্য সেবা বিক্রি করা যাবে না’।

ইনটেনসিভ কেয়ার ইউনিটের কর্মী সিলভিয়া গার্সিয়া এএফপিকে জানান, তাদের কাজের ‘অনিশ্চয়তা’ নিয়ে জনসাধারণকে সচেতন করাই এই বিক্ষোভের লক্ষ্য।

ভিক্টোর এপারিসিও বলেন, “রোগীদের সেবাযত্ন চালিয়ে যাওয়ার জন্য আমাদের সুরক্ষা সামগ্রী পেতে হবে। আমাদের নিশ্চয়তা পাওয়া লাগবে যে, আমাদেরও বিশ্রামের দরকার, আমাদের নিজেদেরও রক্ষার দরকার, যাতে করে আমরা সম্ভাব্য সর্বোচ্চ ভালো অবস্থায় আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি।”

বিক্ষোভকারীরা জানিয়েছেন, নিরবচ্ছিন্ন কাজ করে তারা হাঁপিয়ে উঠেছেন। পরিস্থিতি মোকাবিলায় সুরক্ষা সামগ্রীর পাশাপাশি লোকবলেরও অনেক সংকট রয়েছে।

ইউরোপের করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার, মৃত্যু ২৬ হাজার ৮০০।দেশটির মোট আক্রান্ত-মৃত্যুর এক-তৃতীয়াংশই রাজধানী মাদ্রিদের। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে চলে এসেছে।

বিক্ষোভকারীদের দাবি, মাদ্রিদের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ১০ হাজার অতিরিক্ত স্বাস্থ্যকর্মী ভাড়া করে হলেও নিযুক্ত করা হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত