ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সুন্দরবন পূর্ব বিভাগে গাছপালা ও অবকাঠামো ভেঙে প্রায় পৌনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বনের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এসব তথ্য জানান।
গত ২০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সুন্দরবনের উপর আঘাত হানলে এই ক্ষয়ক্ষতি হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন দুপুরে এই প্রতিবেদককে বলেন, ঝড়ের তাণ্ডবে ২৬টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে গেছে। ঝড়ে পড়ে যাওয়া এই গাছগুলো কিন্তু প্রাকৃতিকভাবে জন্মানো না। এগুলো বন বিভাগের লাগানো গাছ। ঝড়ের আঘাতের পর সুন্দরবন পূর্ব বিভাগের দুটি রেঞ্জে ক্ষয়ক্ষতি নিরুপণে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাতে সুন্দরবন পূর্ব বিভাগের গাছপালা ও অবকাঠামো ভেঙে এক কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৯০০ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বলা হয়েছে।
ঝড়ে ১৭টি জেটি, ১৬টি অফিস, আটটি স্টাফ ব্যারাক, ওয়াচ টাওয়ারসহ নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। বনের এই ক্ষয়ক্ষতির প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা বরাদ্দ পেলে খুব শিগগির অবকাঠামোর সংস্কার কাজ শুরু করব। তবে ঝড়ে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এই বন কর্মকর্তা।
