করোনায় মৃত্যু লাখ ছুঁইছুঁই, ছুটির দিনে উৎসবে মাতল মানুষ!

আপডেট : ২৬ মে ২০২০, ০৫:৪২ পিএম

করোনা পরিস্থিতিতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এখন লাখ ছুঁইছুঁই। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দুই দিকেই এগিয়ে দেশটি। এর মধ্যেও যুক্তরাষ্ট্র মেতেছিল মেমোরিয়াল ডে’র ছুটি উদযাপনে। 

বিবিসি জানায়, মার্কিন শহরগুলোর সৈকত, লেক, পার্কে সবখানেই ছিল মানুষের সরব উপস্থিতি। এত ভীড়ের মধ্যে নেচে গেয়ে ছুটির দিন উদযাপন করে মার্কিন নাগরিকেরা। মাস্ক পরা তো দূরের কথা, কোনো ধরনের শারীরিক দূরত্বও ছিল না। 

যুক্তরাষ্ট্রে প্রতিবছর মে মাসের শেষ সোমবার মেমোরিয়াল ডে হিসেবে পালিত হয়। মার্কিন সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় মারা যাওয়া সদস্যদের স্মরণ করা হয় দিনটিতে। ১৯৭১ সালে মেমোরিয়াল ডে’তে জাতীয় সরকারি ছুটি ঘোষণা করা হয়।

তবে করোনা আতঙ্কের মধ্যেও দিনটি উদযাপনে কোনো ধরনের ঘাটতি রাখতে দেখা যায়নি মার্কিন নাগরিকদের। মানুষের আনন্দমুখর উপস্থিতি দেখে মনেই পড়বে না যে পৃথিবীজুড়ে এত বড় মহামারী যাচ্ছে আর সেই দুর্যোগে সবচেয়ে খারাপ পরিস্থিতি যুক্তরাষ্ট্রেরই।

বোটে করে মানুষ মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্যারেডে অংশ নিয়েছে। পুলিশ অনুমতি ছাড়াই বহু মানুষ জমায়েত হয়েছে ডাটোনা বিচে।  ছুটি উদযাপনে মিসৌরির বার এবং ওজার্কসের লেকেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতেও দেখা গেছে প্রচুর মানুষ। 

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নাগরিকদের প্রতি আহ্বান করেছেন, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং শারীরিক দূরত্ব বজার রাখেন।

মিসৌরির সেন্ট লুইসের মেয়র লাইডা ক্রিসন বলেন, এভাবে ছুটি উদযাপন সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং বিপদজনক। উদযাপন শেষে তারা বাড়ি ফিরবেন। পরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়বে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত