চুক্তি থেকে বাদ পড়তে পারেন মাদুসানকা

আপডেট : ২৬ মে ২০২০, ০৬:৩২ পিএম

নিষিদ্ধ মাদক হেরোইনসহ আটক হওয়া শ্রীলঙ্কান তরুণ পেসার সিহান মাদুসানকার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেটের চুক্তি থেকে বাদ পড়তে পারেন ২৫ বছর বয়সী এই ডানহাতি পেসার।

শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত নই। সে আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। যদি সে কোনো মাদক বহন করে থাকে তবে আমরা তার চুক্তি স্থগিত করার পদক্ষেপ নেব।’

মাদুসানকাই শ্রীলঙ্কা ক্রিকেটের প্রথম চুক্তিবদ্ধ ক্রিকেটার, যিনি মাদকসহ পুলিশের হাতে ধরা পড়লেন। গত ২৩মে হেরোইনসহ মাদুসানকাকে আটক করে পুলিশ। এসময় এই ক্রিকেটারের সঙ্গে তার এক বন্ধুও ছিল। স্থানীয় ম্যাজিস্ট্রেট মাদুসানকাকে ২ জুন পর্যন্ত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই আলোড়ন ফেলেছিলেন মাদুসানকা। সবে তখন শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। মাদুসানকাকে ‘ট্রাম কার্ড’ হিসেবে নিয়ে এসেছিলেন বাংলাদেশে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অভিষেক করান। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই গড়েন হ্যাটট্রিকের কীর্তি। মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন।

সেই সিরিজেই একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি মাদুসানকার। ছিলেন একেবারেই আলোচনার বাইরে। হঠাৎ নেতিবাচক খবরের শিরোনামে এসেছেন এবার।

আরো পড়ুন:

হেরোইনসহ আটক শ্রীলঙ্কান ক্রিকেটার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত