নদী ভাঙনের হাত থেকে নিজেদের বাড়ি অন্যত্র সরিয়ে নিতে গিয়ে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (২৩) নামের এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।
নিহতের বাড়ি লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামে। আবু সাঈদ চর গোকুন্ডা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
নিহত আবু সাঈদ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকায় বিএসসি পড়তে যান। করোনা সংকট দেখা দিলে গত মার্চ মাসের মাঝামাঝি তিনি গ্রামের বাড়িতে আসেন।
সকালে তাদের বাড়ি তিস্তা নদীর ভাঙনের কবলে পড়ে। এসময় পরিবারের অন্য সদস্যদের সাথে বাড়ির ঘর সরাতে গিয়ে আবু সাঈদ বৈদ্যুতিক তারে জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের দাফনের অনুমতি দেয়া হয়েছে।
