চট্টগ্রামে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১৮৮৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। অব্যাহতভাবে বাড়তে থাকা রোগীর চাপ সামলাতে ইম্পেরিয়াল হাসপাতাল এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতাল ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে হাসপাতাল দুটিকে কোভিড-১৯ চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের চিঠিতে পাহাড়তলীর বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং খুলশীর ইম্পেরিয়াল হাসপাতালকে বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতাল হিসেবে নির্ধারণের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশের পর চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে হাসপাতাল দুটিতে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে গ্রহণ এবং রোগী ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়তে থাকায় নগরীর ইম্পেরিয়াল এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসা জন্য নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় । মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমরা সকল ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বসব। হাসপাতাল দুটিতে যাতে দ্রুত চিকিৎসা সেবা শুরু করা যায় সেসব ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
