মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেরিন চা বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মোজেস চিসিমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে।
বৃহস্পতিবার এই মুক্তিযোদ্ধাকে সমাধিস্থ করার আগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা, জেরিন চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ দেববর্মা ও জেলা পুলিশের একটি চৌকস দল।
গার্ড অব অনার শেষে জেরিন চা বাগানের সমাধিস্থলে তাকে সমাধিস্থ করা হয়। বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা মোজেস চিসিম পরলোকগমন করেন।
