করোনায় মারা গেলেন হোমনার যুব উন্নয়ন কর্মকর্তা

আপডেট : ২৮ মে ২০২০, ১০:৪৭ পিএম

কুমিল্লার হোমনা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।  

বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও তাপ্তি চাকমা শোক প্রকাশ করে জানান, নাজমুন নাহার বেশ কিছুদিন ছুটিতে ছিলেন। তার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তারা সবাই করোনায় আক্রান্ত। তিনি ২০১০ সালে হোমনায় চাকরিতে যোগ দেন।

নাজমুন নাহারের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনাসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত