রূপগঞ্জ ও দৌলতপুরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

আপডেট : ২৯ মে ২০২০, ০২:০৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রির আধিপত্যকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা যায়। গত মঙ্গলবার সকালে ও বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় দুই গ্রুপের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ২নং ওয়ার্ডে মাদক বিক্রির আধিপত্যকে কেন্দ্র করে মৃত ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির মেয়ে পারভীন আক্তারের গ্রুপের সঙ্গে তার মায়ের হত্যা মামলার আসামি জয়নাল, রাজা, সিটি শাহীন গ্রুপের মাদক বিক্রির আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটায়। পরে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফের কয়েক দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসার পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে মাদক ব্যবসায়ীর গুলিতে আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। গত বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। পেটে গুলিবিদ্ধ গুরুতর আহত আলমগীর হোসেন মুন্সীগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত