নরসিংদীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

আপডেট : ২৯ মে ২০২০, ০২:০৪ এএম

নরসিংদীর মনোহরদীতে একটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কাচিকাটা গ্রামের মাছচাষি শরীফ মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ চার মাস আগে বাড়ির পাশে দেড় বিঘা জমি ইজারা  নিয়ে একটি পুকুর খনন করেন। সেখানে কই মাছের এক লাখ পোনা ছেড়ে চাষ শুরু করেন। গত বুধবার রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে।

শরীফ মিয়া বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালে মাছের খাবার দিতে পুকুরে গিয়ে দেখি অসংখ্য মাছ মরে ভেসে আছে। ১৫ দিন পর পুকুরের মাছগুলো বিক্রি করার কথা ছিল। সম্ভবত পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ক্ষতি করেছে।’ মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় মাছচাষির পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত