করোনাভাইরাসে মো. রাসেল বিশ্বাস (৩৫) নামে পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় পুলিশের ১৫ সদস্যের মৃত্যু হলো।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে এসব তথ্য জানান। তিনি আরও জানান, রাসেল বিশ্বাস পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। গত ২৪ মে নমুনা পরীক্ষায় তার কভিড-১৯ পজিটিভ আসে। এরপর থেকে পুলিশের ভাড়া করা ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের ব্যবস্থাপনায় রাসেলের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে দাফন করা হয় রাসেলকে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন বলে জানান এআইজি সোহেল রানা।
