সৌদি আরবের সঙ্গে নতুন আরও অস্ত্র চুক্তি করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার এক প্রভাবশালী সিনেটর বিষয়টি প্রকাশ করেন।
এক বছর আগে কংগ্রেসের বাধার সম্মুখেও সৌদি আরবের সঙ্গে ৮.১ বিলিয়ন ডলারের বিতর্কিত অস্ত্র চুক্তি করে ট্রাম্প প্রশাসন। এরপর আরব দেশটিকে আরও অস্ত্র বেচতে চায় তারা।
সিএনএনে এক নিবন্ধে নিউ জার্সির ডেমোক্রেট সিনেটর বব মেন্ডেজ বিষয়টি সামনে আনেন।
তিনি বলেন, মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু সৌদি যুবরাজের কাছে আরও অস্ত্র বিক্রি করতে চান। যার মধ্যে আছে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম কয়েক হাজার বোমা।
বব মেন্ডেজ বলেন, ইয়েমেনে বর্বরোচিত যুদ্ধে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে চায় সৌদি আরব। এরপরেও সরকার এই বেচাকেনা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চায়। যদিও এই চুক্তির বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি।
মার্কিন সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্রেট প্রতিনিধি মেন্ডেজ। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের পরে সৌদি আরব এবং আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রিতে ট্রাম্প প্রশাসন কীভাবে কংগ্রেসের বাধার মুখে পড়েছিল বিষয়টিও তুলে ধরেন তার লেখায়। যদিও সিনেটে গিয়ে এই চুক্তি আটকানো সম্ভব হয়নি।
সৌদি যুবরাজের সমালোচনায় তিনি বলেন, তার নির্দেশে খাশোগি হত্যা হয়েছে এটি মার্কিন গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে। কোনো পরিণতির তোয়াক্কা না করেই নিজের সমালোচকদের হত্যা করতে পারে এই লোক।
এখন এক বছর পর এসে আবারও সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্ত করা কোনো মানে হয় না। দেশটির কাছে মারণাস্ত্র বিক্রির করার কোনো যৌক্তিকতা নেই।
