এক সপ্তাহে দেশে আক্রান্ত সাড়ে ১২ হাজার, মৃত্যু ১৫০

আপডেট : ২৯ মে ২০২০, ০৪:০২ পিএম

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। গত এক সপ্তাহের হিসাব তাই জানান দিচ্ছে।

কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

এর মধ্যে সবশেষ এক সপ্তাহে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে উদ্বেগজনক হারে। গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সাত দিনে দেশে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ১২ হাজার ৬৩৯ জনের শরীরে, যা মোট আক্রান্তের এক-চতুর্থাংশের বেশি।

এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫০ জনের। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৫ জন।

গত শুক্রবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ২০৫ জন। মৃত্যুর সংখ্যা ছিল ৪৩২ জন। সুস্থের সংখ্যা ছিল ৯ হাজার ১৯০ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনায় আক্রান্তের বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ; সুস্থতার হার ২১.০৪ শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশই ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত