সিরাজগঞ্জের কামারখন্দে যুবকের বিরুদ্ধে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এ ঘটনায় গতকাল শুক্রবার জিল্লুর রহমান (৩৫) নামে ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ধর্ষণের শিকার হয় ওই তরুণী। অভিযুক্ত জিল্লুর উপজেলার পুরান দোগাছি গ্রামের আকবর আলীর ছেলে। ভুক্তভোগী তরুণীও একই গ্রামের বাসিন্দা।
কামারখন্দ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মঙ্গলবার দুপুরে নিজেদের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল ওই তরুণী। এ সময় ভ্যানচালক জিল্লুর তাকে একা পেয়ে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে তার ভ্যানে তুলে স্থানীয় কাটাখালী বাজারের পাশের জুলমত আলীর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হলে তরুণীর মা বাদী হয়ে জিল্লুরকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকেই সে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
