শর্ত সাপেক্ষে সোমবার থেকে টিভি নাটকের শুটিং

আপডেট : ৩০ মে ২০২০, ০১:০৪ পিএম

শর্ত সাপেক্ষে সোমবার (১ জুন) থেকে টেলিভিশন নাটকের শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল সংগঠন সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইরেশ যাকের।

তিনি বলেন, “যেহেতু সরকার সাধারণ ছুটি ৩০ মে ২০২০ এর পর বৃদ্ধি না করে লকডাউন সাময়িক শিথিল করেছেন। সেই জন্য আমাদের আন্তঃসংগঠনও সাময়িকভাবে শিথিলতা প্রদর্শন করছে। করোনাভাইরাস সংক্রমণরোধে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।”

জানা গেছে, ২৮ মে টেলিভিশন নাটক সংশ্লিষ্ট আন্তঃসংগঠনের জরুরি সভায় ১ জুন থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের জন্য নিচের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়—

১. যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সামনের দিনগুলোতে আরও ভয়াবহ অবস্থা হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তাই আন্তঃসংগঠনও শুটিং করার বিষয়ে নিরুৎসাহিত করছেন। তবে যাদের কাজ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তারা সাময়িকভাবে জীবন-জীবিকা চলমান রাখার স্বার্থে আন্তঃসংগঠনের দেয়া স্বাস্থ্যবিধি মেনে যদি শুটিং কার্যক্রমে নিজ দায়িত্বে অংশ নিতে চান তাহলে তা করতে পারবেন। 

২. সংশ্লিষ্ট ইউনিট শুটিং শুরু করার আগেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করবেন। এ ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শুটিং ইউনিটকে তার সম্পূর্ণ দায় বহন করতে হবে।

৩. প্রতিটি শুটিং ইউনিটের সকল শিল্পী-কলাকুশলী প্রাথমিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন। সমস্যা দেখা দিলে প্রযোজনা সংশ্লিষ্ট ব্যক্তির সহায়তা নিয়ে তারা তা নিজ উদ্যোগে সমাধান  করবেন।

৪. এই ঘোষণা সরকারের ছুটি ও লকডাউন বিষয়ক ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় শুটিং কার্যক্রম যে কোনো সময় স্থগিত অথবা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত