করোনা শনাক্তের খবরে আইসোলেশন থেকে পোশাক শ্রমিকের পলায়ন

আপডেট : ৩০ মে ২০২০, ০১:৪৯ পিএম

দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাস শনাক্তের খবর পেয়ে আইসোলেশন কেন্দ্র থেকে রুহুল আমিন (১৮) নামে এক যুবক আইসোলেশন কেন্দ্র থেকে পালিয়ে গেছে।

রুহুল আমিন উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, রুহুল আমিন গত ৫ দিন আগে গাজীপুর থেকে জ্বর নিয়ে নিজ বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিম রুহুল আমিনের নমুনা সংগ্রহ করে। করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহের পর রুহুল আমিনকে জোতবানী ইউনিয়নের আইসোলেশ কেন্দ্র একইর উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছিল।

গতকাল শুক্রবার রাতে রুহুল আমিনের করোনা শনাক্তের রিপোর্ট আসে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে একইর স্কুল থেকে রুহুল আমিনকে বিরামপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসার জন্য যান। এ সময় রুহুল আমিন করোনা শনাক্তের খবর শুনে টয়লেটে যাবার কথা বলে স্কুলের দেয়াল টপকে পালিয়ে যায়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, ঘটনার পর একইর এবং বিরামপুরের প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। রুহুল আমিনকে খুঁজে পেতে তার বাবাকে নিয়ে রাত থেকে সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত