যুদ্ধবিরতি শেষ হতেই তালেবান হামলায় নিহত ১৪ আফগান সেনা

আপডেট : ৩০ মে ২০২০, ০২:২৯ পিএম

ঈদের ছুটিতে তিনদিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিল তালেবান। এই ঘোষণা দীর্ঘমেয়াদী হবে বলে আশা করা হলেও আগের পরিস্থিতিতেই ফেরত গেছে ইসলামি এই সশস্ত্র বাহিনীটি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার ভোরে আফগান সীমান্ত চৌকি লক্ষ্য করে এক অতর্কিত হামলায় কমপক্ষে ১৪ আফগান সেনা নিহত হয়েছেন। 

এক বিবৃতিতে আফগান সরকার বিষয়টি নিশ্চিত করে। তালেবানও এই হামলার দায় স্বীকার করে।

তালিবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এদিন টুইট করে সীমান্ত চৌকিতে হামলার দায় স্বীকার করেন। তিনি বলেন, পাকতিয়া প্রদেশের ডান্ডে পাটন জেলা হামলা চালিয়ে শত্রুপক্ষের নতুন সীমান্ত চৌকিগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, শত্রুরা সম্প্রতি মুজাহিদীন অঞ্চলগুলোতে শাসনব্যবস্থা প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে। সীমান্ত চৌকিতে হামলার সময় দুই তালিবান যোদ্ধাও নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

ঈদের ছুটিতে ঘোষিত যুদ্ধবিরতি মঙ্গলবার গভীর রাতে শেষ হয়। এরপর থেকে একাধিক হামলা চালায় তালেবানরা। তবে শুক্রবারের হামলাটিতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত