বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি।
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক ফুটবলার, বাফুফের সাবেক সদস্য, ঢাকা আবাহনী লিমিটেডের অন্যতম পরিচালক গোলাম রাব্বানী হেলাল শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিনই বেলা সাড়ে ১২টা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকেরা তখনই জানিয়ে দিয়েছিলেন, হেলালের ফিরে আসার সম্ভাবনা খুব কম।
হেলালের স্বজন, ফুটবল ভক্তরা অবশ্য অলৌকিক কিছুর প্রার্থনা করছিলেন। কিন্তু সব বন্ধন ছিন্ন করে হেলাল পাড়ি দিলেন অন্যলোকে।
হেলাল ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। ‘আবাহনীর হেলাল’ বলেই ভক্তদের মাঝে বেশি পরিচিতি তার। আকাশি-নীল জার্সিতে ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত খেলেছেন। মাঝে অবশ্য মাত্র আড়াই মাসের জন্য খেলেন বিজেএমসিতে।
