চিকিৎসা না দিলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট : ৩০ মে ২০২০, ১০:৫৫ পিএম

করোনা রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 

বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে শনিবারে বেসরকারি হাসপাতালে কভিড-১৯ চিকিৎসা বাস্তবায়ন নিয়ে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমরা বৈঠক করে হাসপাতাল মালিকদের জানিয়েছি সরকারি নির্দেশনা মানতে হবে। অন্যথায় ব্যবস্থা নেয়া হবে। করোনা সংক্রমণের এই সময়ে বেসরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি করাতে হবে। কেউ যদি সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, হাসপাতাল মালিকরা জানিয়েছে, তারা করোনা আক্রান্ত রোগী এবং উপসর্গ আছে এমন রোগীও ভর্তি করাবে। রোগীদের জন্য হাসপাতালে আলাদা ফ্লু কর্নার চালু করবে। হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা প্রতিপালন করবে। 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান প্রমুখ।

১৭ মে প্রজ্ঞাপন জারি করে সারাদেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করোনা রোগীদের চিকিৎসার নির্দেশ দেয় সরকার।

চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৮৮ জন। চট্টগ্রামে জেনারেল হাসপাতাল, চমেক, বিআইটিআইডি, ফিল্ড হাসপাতালেই শুধু করোনা রোগীর চিকিৎসা হচ্ছে। তবে শয্যা সংকটে অনেক রোগী বাসায় আইসোলেশনে রয়েছে। এর মধ্যে মুর্মূষু রোগীদের হাসপাতালে নিয়ে গেলেও চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি না করিয়ে ফিরিয়ে দেওয়া এবং উপসর্গ থাকা এমন রোগীদের সেবা দিচ্ছে না অভিযোগ রয়েছে। এর আগে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ ১২টি হাসপাতালে আইসিইউ সেবার জন্য নির্ধারণ করলেও তখনও সরকারি নির্দেশনা অমান্য করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত