কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২০, ০৪:৫৯ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। গত শুক্রবার রাতে সুলতান খাঁ (৫২) নামে ওই কয়েদির মৃত্যু হয়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার রাহুতপাড়া এলাকায়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. বাহারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

বাহারুল জানান, শুক্রবার সন্ধ্যায় সুলতান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যা মামলায় সুলতানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ২০০৪ সাল থেকে কারাবন্দি সুলতান দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেলার বাহারুল ইসলাম। এদিকে আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির জানান, হাসপাতালে আনার আগেই সুলতানের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত