করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা দুই মাসের সাধারণ ছুটি শেষে আজ রবিবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনে (এফডিসি) দাপ্তরিক ও শ্যুটিং কার্যক্রম শুরু হচ্ছে। অন্যদিকে আগামীকাল সোমবার থেকে টেলিভিশন নাটকের শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।
এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়–য়া বলেন, ‘রবিবার থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিচ্ছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি শ্যুটিংয়ের জন্য ফ্লোরগুলো প্রস্তুত করা হবে। প্রযোজক-পরিচালকরা চাইলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শ্যুটিং করতে পারবেন।’
টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইরেশ যাকের দেশ রূপান্তরকে বলেন, ‘টেলিভিশন নাটক সংশ্লিষ্ট আন্তঃসংগঠনের জরুরি সভায় গত বৃহস্পতিবার সম্মিলিতভাবে স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে টেলিভিশন নাটকের শ্যুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ ছুটি আর বাড়ছে না, লকডাউন পরিস্থিতিও শিথিল হচ্ছে। এজন্য আমাদের আন্তঃসংগঠনও সাময়িকভাবে শিথিলতা দেখাচ্ছে।’
