অজ্ঞাতবাস কাটিয়ে আসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছেন কিম জং উন। এবার ফের বিতর্কিত এক নির্দেশনা দিলেন তিনি।
কিশোর-কিশোরীদের যৌনতায় লিপ্ত হওয়ায় নিষেধাজ্ঞা জারি করলেন কিম।
সংবাদ প্রতিদিন জানায়, শুধু তাই নয়, কৈশোরকালে যৌনতা দেশদ্রোহিতার মতো অপরাধ বলেই মনে করছেন উত্তর কোরিয়ার নেতা।
প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে উত্তর কোরিয়ায় যৌনতাকে আইনত নিষিদ্ধ বলেই গণ্য করা হয়। কিন্তু, আইনকে ফাঁকি দিয়ে হাইস্কুলের পড়ুয়ারা যৌনতায় জড়িয়েছিল।
নাবালকদের এমন যৌনাচারের জন্য কিম অবশ্য ‘পশ্চিমা সাম্রাজ্যবাদ’কেই দায়ী করেছেন। তাই নিজ দেশে কিশোর-কিশোরীদের যৌনতায় ইতি টানতেই কড়া শাসন জারি করেছেন।
শুধু তাই নয়, স্কুল পড়ুয়াদের ওপর নজরদারি করার জন্য ‘রেড ফ্ল্যাগ’ (Red Flag) নামে বিশেষ এক অ্যাপও আনা হয়েছে উত্তর কোরিয়া সরকারের উদ্যোগে। আর প্রত্যেকটি স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রেই এই অ্যাপ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।
একপ্রকার প্রায় জোর করেই পড়ুয়াদের ফোন বা ল্যাপটপে ‘রেড ফ্ল্যাগ’ অ্যাপ ইন্সটল করার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার স্কুলগুলো।
কেন ‘রেড ফ্ল্যাগ’ অ্যাপ? পর্ন জাতীয় কোনো সাইটে গেলেই, সেই ইউজারের তথ্য নথিভুক্ত হয়ে যাবে সরকারি সাইটে। এমনকি স্ক্রিনশটও উঠে আসবে এই অ্যাপের মাধ্যমে।
যে স্কুলের পড়ুয়ারা ধরা পড়বে, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, পড়ুয়া এবং তাদের অভিভাবকদের বিরুদ্ধেও প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিম জং উন।
