দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের চালু হল লঞ্চ

আপডেট : ৩১ মে ২০২০, ০৪:৩৬ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় দুই মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর সামাজিক দূরত্ব নিশ্চিত আর স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ।

রবিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এই নৌরুটে লঞ্চ চালু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া লঞ্চ ঘাট সূত্র জানায়, আজ সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি লঞ্চ চলাচল করছে। লঞ্চের ভেতরে হাত ধোয়ার সকল ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার, লঞ্চ চালক-কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার নির্দেশনা মেনে লঞ্চ চালু করা হয়েছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী বলেন, করোনার কারণে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত আকারে রবিবার থেকে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এই নৌরুটে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক লঞ্চ চালু করা হয়েছে। তবে যদি যাত্রী সংখ্যা বাড়ে তাহলে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে।

করোনা বিস্তার রোধে গত মার্চ মাসের ২৪ তারিখ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ রাখা হয় লঞ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত