ফরিদপুরে চলাচলের প্রথম দিনেই বাসচাপায় গেল তরুণের প্রাণ

আপডেট : ০১ জুন ২০২০, ০১:৫৬ পিএম

সড়কে বাস চলাচলের প্রথম দিনেই বাসের চাপায় প্রাণ হারিয়েছেন ২০ বছরের এক তরুণ। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণের নাম সুজন শেখ (২০)। তিনি গোপালগঞ্জের মুসকুসদুপর উপজেলার টেংরাখালীর নুরুল ইসলামের ছেলে

তিনি ফার্নিচারের ব্যবসা করেন বলে জানান তার আত্মীয় হাফিজ শেখ। এ দুর্ঘটনায় ওই গ্রামের হাফিজুর রহমান শেখের ছেলে সাবিল শেখ (২০) গুরুতর আহত হন।

তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনায় আহত সাবিল জানান, তারা দুই বন্ধু সকালে মোটরসাইকেলে মুকসুদপুর থেকে কাজে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দু’টি কুকুরকে সাইড দিতে গেলে বিপরীত বরিশাল অভিমুখী গোল্ডেন লাইনের একটি দ্রুতগামী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

গেরদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম জানান, পেছনে বসা যুবকটির মাথা বিভৎসভাবে থেঁতলে যায়। এলাকাবাসী সড়কের উপর পড়ে থাকা তার লাশ একটি কাপড় দিয়ে ঢেকে রাখে।

ফরিদপুর হাইওয়ে পুলিশের ওসি শাহ্ জালাল আলম বাসের চাপায় ওই তরুণের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত