এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ১০ জুন চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। পরিস্থিতি যেমন তাতে এ বছর আইসিসির মেগা আসরটি না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ওই সময়ে অনুষ্ঠিত হতে পারে স্থগিত হওয়া আইপিএল। আর তা হলে আকর্ষণীয় টি-টোয়েন্টি লিগে খেলতে ইচ্ছুক স্টিভ স্মিথ। এজন্য অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ান মৌসুমের শুরুর সিরিজগুলো ছেড়ে দিতেও রাজি তিনি।
২০২০ আসরের জন্য আইপিএল দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক করা হয়েছে স্মিথকে। তার ওপর এবার দায়িত্ব একটু বেশি। সেই দায়িত্ব পূরণে প্রস্তুত আছেন অজি ব্যাটসম্যান। কিন্তু তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নির্দিষ্ট ঘোষণার অপেক্ষায় আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে আইপিএলকেই প্রধান্য দিচ্ছেন স্মিথ। অস্ট্রেলিয়ান নতুন মৌসুম আগস্টে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর অক্টোবরে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ (১৮ অক্টোবর-১৫ নভেম্বর) না হলে ওই সময়ে আইপিএল হওয়ার সম্ভাবনা বেশি। জিম্বাবুয়ে ও উইন্ডিজের বিপক্ষে সিরিজ না খেলে ওই সময় আইপিএল খেলতে চান স্মিথ।
তবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন বলে জানিয়েছেন এই অজি, ‘দেশের হয়ে বিশ্বকাপে খেলা যে কোনো ক্রিকেটারের পরম আরাধ্য। সেটা ওয়ানডে বা টি-টোয়েন্টি যাই হোক না কেন। তবে এমনটা যদি না হয় তখন আইপিএলের সুযোগ আছে। আইপিএলও খুব উঁচু মানের টুর্নামেন্ট। বিশ্বকাপ পিছিয়ে গেলে ওই সময়ে আইপিএল খেলতে অবশ্যই চাইব।’
