আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পুরো পরিবার আক্রান্ত

আপডেট : ০২ জুন ২০২০, ০১:৪৬ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান। শুধু তিনি একা নন, তার স্ত্রী ও চার সন্তানের সবাই আক্রান্ত হয়েছেন বলে গতকাল সোমবার ফেইসবুক লাইভে জানিয়েছেন তিনি। কোনো উপসর্গ না থাকলেও নমুনা পরীক্ষায় নিকোলের কভিড-১৯ পজিটিভ আসে বলে খবর দিয়েছে রয়টার্স।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কোনো উপসর্গ ছিল না। চিকিৎসা পরিস্থিতি দেখতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। তাই একবার পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার রেজাল্ট পজিটিভ এসেছে।’ পাশেনিয়ান ছাড়াও তার সাংবাদিক স্ত্রী আনা হ্যাকবইয়ান ও চার সন্তানের কভিড-১৯ হয়েছে। বাসা থেকেই অফিস করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রায় ৩০ লাখ জনসংখ্যার দেশ আর্মেনিয়ায় গতকাল পর্যন্ত ৯ হাজার ৪০২ জন শনাক্ত ও ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত