সরকারি-বেসরকারি হাসপাতালসহ যেসব স্থানে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়, সেখানে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে তাদের সুচিকিৎসা নিশ্চিতেরও নির্দেশনা এসেছে। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ-সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর ভিডিও করফারেন্সের মাধ্যমে শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং করোনা পরীক্ষায় তারা যাতে হয়রানির স্বীকার না হন, সে বিষয়ে ব্যবস্থা চেয়ে গত ২৭ মে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠান আইনজীবী মো. তানভীর আহমেদ। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালকের উদ্দেশ্যে এ নোটিস পাঠানো হয়। নোটিসপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় উচ্চ আদালতের দারস্থ হন আইনজীবী।
রিট আবেদনে বলা হয়, ২৬ মে গাইবান্ধার সাদুল্যাপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি মাকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ায় ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেন তিনি।
