প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ আশরাফুল আলম খোকনের পিতা আলহাজ মো. আনোয়ার হোসেন গতকাল সোমবার স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোকন বাসসকে জানান, তিনি (আনোয়ার হোসেন) গাজীপুরের কাপাসিয়া উপজেলার একদালা গ্রামে নিজ বাসভবনে সকাল ৯টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। আনোয়ার হোসেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক পৃথক শোকবার্তায় আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তার মৃত্যুতে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বিকেলে কাপাসিয়ার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের গাজীপুর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম)
