চাঁদপুর লঞ্চে যাত্রীচাপ কমলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ০২ জুন ২০২০, ০১:১৮ পিএম

সাধারণ ছুটি বন্ধ ঘোষণার পর গত রবিবার চাঁদপুর লঞ্চঘাট থেকে চালু হয়েছে লঞ্চ চলাচল। লঞ্চ চলাচলের ৩ দিনে আজ মঙ্গলবার যাত্রীদের চাপ অনেকটাই কমেছে লঞ্চঘাটে।

তবে যাত্রীদের উপস্থিতি কিছুটা কমলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না লঞ্চগুলোতে। এতে করে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি রয়েই গেছে।

মঙ্গলবার সকালে সরেজমিন চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চগুলোতে গত দুই দিনের তুলনায় যাত্রীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। তবে স্বাস্থ্যবিধি বজায়ে রাখতে ব্যর্থ হয়েছে বন্দর কর্তৃপক্ষ। লঞ্চগুলোতে যাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব ছিল না। তাছাড়া যাত্রীদের নিজেদের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা লক্ষ্য করা যায়নি।

যাত্রীদের সারিবদ্ধভাবে পল্টুনে ঢুকানো হলেও লঞ্চগুলোতে ছিল না কোনো সামাজিক দূরত্ব। লঞ্চে উঠার সময় যাত্রীদের হাতে জীবাণুনাশক স্প্রে করা হলেও পল্টুন কিংবা লঞ্চের ডেকে কোনো প্রকার জীবাণুনাশক দ্রব্য ছিটাতে দেখা যায়নি।

এমভি ময়ূর লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার আলী আজগর বলেন, যাত্রীদের চাপ আগের চেয়ে আজ অনেক কমেছে। তবে দুপুরের দিকে চাপ একটু বৃদ্ধি পেয়েছিল। হয়তো আগামী দু’একদিনের মধ্যে যাত্রীদের চাপ আর থাকবে না। আমরা চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে। কিন্তু অনেক সময় যাত্রীরাই অতি উৎসাহিত হয়ে জটকার সৃষ্টি করে থাকে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে আসা নারায়ণগঞ্জ গামী যাত্রী রাবেয়া আক্তার বলেন, বেড়াতে এসে লকডাউনের ফলে আত্মীয়ের বাড়ি আটকা পড়েছিলাম। দীর্ঘ দুই মাস পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। করোনা ঝুঁকি মাথায় রেখেই রওনা দিতে হচ্ছে।

ঢাকাগামী দুই যাত্রী বলেন, কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাচ্ছি। কিন্তু লঞ্চঘাটে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। লঞ্চগুলোতেও গাদাগাদি করে আগের মতই যাত্রী উঠানো হচ্ছে। তাছাড়া অনেক যাত্রীর মধ্যেও সচেতনতার অভাব রয়েছে।

বিআইডব্লিউটি এর চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আবুল বাশার মজুমদার বলেন, গত দুই দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ অনেকটাই কমেছে। আমরা চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করতে। কিন্তু অনেক সময় তা ধরে রাখা সম্ভব হয় না।

এই ক্ষেত্রে যাত্রীদের মাঝেও অসচেতনতা লক্ষ্য করা গেছে। তাদেরকে বার বার অনুরোধ করা সত্ত্বেও অনেক সময় তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে লঞ্চে উঠছেন। তবে আগের চেয়ে পরিবেশ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত