সরকার গণপরিবহনের সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর কথা থাকলেও সেটি কোনো ক্রমেই বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বাস, লঞ্চ, টেম্পু, অটোরিকশাসহ সব ধরনের গণপরিবহনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। দূরপাল্লার বাসগুলোতে ঠেলাঠেলি করে মানুষ ভেতরে ঢুকছে। কোনো কোনো বাসে ছাদের উপরেও যাত্রী তোলা হয়েছে। লঞ্চে সামাজিক দূরত্ব বজায় থাকা দূরে থাক, সেখানে মানুষের উপচে পড়া ভিড়।
তিনি বলেন, আসলে সরকার সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে। সরকার যা কিছু করছে, তা নিজেদের সিন্ডিকেটের স্বার্থকে রক্ষা করতেই করছে। তারা জনস্বার্থে সফল নয়, কিন্তু দুষ্কর্মের সাথী হতে খুবই দক্ষ।
সরকার দুর্যোগ-মহামারীতে জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বিএনপি মুখপাত্র বলেন, জনগণের জীবনের কথা চিন্তা না করে সরকার শুধু জীবিকার অজুহাতে সব কিছু খুলে দিয়ে অপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে।
এ সময় গত সপ্তাহে ‘এক্সিম ব্যাংকের এমডি-ডিএমডিকে গুলি করার হুমকি ও নির্যাতন’ করার মামলায় অভিযুক্ত সিকাদার গ্রুপের দুই ভাইকে চার্টার্ড বিমানে বিদেশে পাঠানোর ঘটনার নিন্দা জানান তিনি।
রিজভী বলেন, সন্ত্রাসী কায়দায় ব্যাংক লুটপাটকারীদের পালাতে সুযোগ করে দিয়েছে সরকার। এটি সম্পূর্ণরূপে স্টেট টেররিজম।
তিনি বলেন, দুজন দুরন্ত অপরাধীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীনরা। অতীতেও এই সরকার ব্যাংক লুটপাটকারীদের নানাভাবে সহযোগিতা দিয়ে নিরাপদ করেছিল এই ঘটনা তার আরেকটি উৎকৃষ্ট প্রমাণ।
