ফেসবুকে প্রেমে জড়িয়ে পাকিস্তানের পথে বাংলাদেশি যুবক, এরপর...

আপডেট : ০৩ জুন ২০২০, ০৮:১৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করতে দেশটিতে প্রবেশ করতে চেয়েছিলেন এক বাংলাদেশি যুবক। শেষমেশ ভারতের সীমান্ত বাহিনীর কাছে আটক হলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পাকিস্তানি ওই তরুণীর সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলতেন বাংলাদেশি যুবক নয়ন মিয়া আবদুল্লাহ। ৬ মাসের মধ্যে তাদের সম্পর্ক আরো গাঢ় হয়ে ওঠে। এক পর্যায়ে পাক তরুণী নয়ন মিয়াকে বিয়ের প্রস্তাব দেন এবং এর জন্য করাচি আসতে হবে তাকে। 

এতেই কোনো ডকুমেন্ট, ভিসা, পাসপোর্ট ছাড়া করাচির উদ্দেশ্যে রওনা দেন নয়ন মিয়া। ভারত-পাকিস্তানের মধ্যবর্তী ওয়াগা সীমান্ত পেরোতে পারলেই প্রেমিকার কাছে পৌঁছে যেতে পারতেন তিনি। 

কিন্তু সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের জওয়ানরা তাকে আটকে দেয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রম চেষ্টার অভিযোগে নয়ন মিয়াকে গ্রেপ্তার করে তারা এবং পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেয়।

জানা যায়, বিশোর্ধ্ব নয়ন মিয়ার বাড়ি শরীয়তপুরের বেপারিপাড়া গ্রামে। পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করেন তিনি।

জিজ্ঞাসাবাদে নয়ন মিয়া জানান, ছয় মাস আগে করাচির এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে জানাশোনা হয় তার। একপর্যায়ে তিনি তার প্রেমে পড়ে যান। তারপর থেকে দু’জনে সার্বক্ষণিক ভিডিও কলের মাধ্যমে কথা বলতেন। 

সম্প্রতি ওই যুবতী তাকে বিয়ের প্রস্তাব দেন এবং জানান, এর জন্য তাকে করাচিতে আসতে হবে। এতে নয়ন মিয়া কোনো ডকুমেন্ট ছাড়াই রওনা দিয়ে দেন, প্রথমে তিনি কলকাতা পৌঁছেন, সেখান থেকে অমৃতসরে। প্রায় ১৫ দিন আগে তিনি ওয়াগা সীমান্তে পৌঁছার পর বিভিন্ন স্থানে অবস্থান করেন। 

তার বিরুদ্ধে পাঞ্জাব পুলিশ একটি মামলা করেছে। অমৃতসরের পুলিশ কর্মকর্তা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বিক্রমজিৎ সিং বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ সম্পর্কে জানানো হবে বাংলাদেশি দূতাবাসকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত