মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউপির দেবীপুর গ্রামের মুক্তা মল্লিক সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মুক্তার বাবা অবিনাশ মল্লিক একজন দরিদ্র সবজি বিক্রেতা। তার পরিবারে ২ ছেলে ও ৩ মেয়ে। বড় ছেলে একটি সরকারি মেডিকেল অ্যাসিস্টেন্ট প্রশিক্ষণ স্কুলে (মেটস্) দ্বিতীয় বর্ষে পড়াশুনা করছে। দ্বিতীয় মেয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মুক্তার ছোট এক ভাই ৮ম শ্রেণি ও বোন ৫ম শ্রেণিতে পড়ে। দরিদ্র পরিবারের হলেও সবাই লেখাপড়ায় রয়েছে।
গত মঙ্গলবার বিকেলে দেবীপুর গ্রামে নিজ বাড়িতে কথা হয় মুক্তা মল্লিকের সঙ্গে। সে জানায়, নিজের চেষ্টা আর বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা ও পরামর্শে পড়াশুনা করে সে প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতে গোল্ডেন এ-প্লাস ও এবার এসএসসিতেও গোল্ডেন এ-প্লাস পেয়েছে। উচ্চ মাধ্যমিকেও সে ভালো ফলাফল করে পরবর্তী সময়ে আইন বিষয়ে পড়াশুনা করে তার লক্ষ্য একজন জজ হবে। এতে দেশ ও দশের সেবা করতে পারবে বলে তার বিশ্বাস।
মুক্তার বাবা অবিনাশ মল্লিক দেশ রূপান্তরকে বলেন, মুক্তার লেখাপড়ার খরচ নিয়ে তিনি চিন্তিত। কেউ মানবিক বিবেচনায় সহযোগিতার হাত বাড়ালে হয়তো-বা তার মেয়ের এ ইচ্ছে পূরণে সহায়ক হবে।
কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল দেশ রূপান্তরকে বলেন, দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে মুক্তা মল্লিক নিজে ও ভাই বোনরা পড়াশুনা চালিয়ে যাচ্ছে। মুক্তার এ ফলাফলে এ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা খুশি।
