সারা দেশে উপজেলা পর্যায়েও খোলাবাজারে টিসিবির নির্ধারিত মূল্যের ভোগ্যপণ্য বিক্রয় করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য সচিব ও টিসিবির চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর ভিডিও করফারেন্সে শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
জনস্বার্থে ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব সম্প্রতি ই-মেইলের মাধ্যমে এ রিট আবেদনটি করেন। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সারা দেশে স্বল্প আয়ের মানুষ ব্যাপক খাদ্য সমস্যা ও আর্থিক অসুবিধায় পড়েছেন। টিসিবি কম ও নির্ধারিত মূল্যে খোলাবাজারে ভোগ্যপণ্য বিক্রি করে। কিন্তু টিসিবির পণ্য বিক্রি শুধু সিটি করপোরেশন এবং কিছু পৌরসভা এলাকার মধ্যে সীমাবদ্ধ। এর সুফল সারা দেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের সাধারণ মানুষ পাচ্ছেন না, এই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আইনজীবী বলেন, কম মূল্যে খাদ্যদ্রব্য কেনার অধিকার শুধু নির্দিষ্ট এলাকা নয়, দেশের যেকোনো প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষের রয়েছে। এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠান আইনজীবী। নোটিসের জবাব না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আবেদনের পক্ষে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব নিজেই শুনানি করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
