সুনামগঞ্জ ও কমলগঞ্জে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ০১:০৮ পিএম

সুনামগঞ্জ ও মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনা দুটি ঘটে।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মারা যাওয়া কিশোরের নাম তকবির মিয়া (১২)। সে উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামের খালেক মিয়ার ছেলে।

নিহতরে স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামের কিশোর তকবির মিয়া উপজেলার মিলনগঞ্জ বাজারের পাশের হাওরে মাছ ধরতে যায়। এমন সময় বজ্রপাতে সে আহত হয়। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, ভোরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঐ কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুরে বজ্রপাতে জুবের উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুবের উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন বেপারীর ছেলে। সে কমলগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, সকালে বাড়ির পাশ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিল জুবের। বাড়িতে প্রবেশকালে হঠাৎ বজ্রপাত হলে তার সারা শরীর ঝলসে যায়। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ পৌরসভার স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত