সৌরভ-দ্রাবিড়-ধোনি: যে অধিনায়কের জন্য প্রাণ দিতে রাজি ইরফান

আপডেট : ০৪ জুন ২০২০, ০৬:৪৪ পিএম

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ইরফান পাঠানের। এরপর খেলেছেন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। কিন্তু সৌরভ, কুম্বলে বা ধোনি নন, পাঠানের পছন্দের অধিনায়ক রাহুল দ্রাবিড়। যার জন্য তিনি প্রাণ দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

ইরফান পাঠান বলেন, ‘দাদা (সৌরভ গাঙ্গুলী) আমার প্রথম অধিনায়ক। সবসময়ই আমার পাশে থেকেছে। নতুন একটা ভারতীয় দলের জন্ম দিয়েছে। সাফল্যের নিরিখে মহেন্দ্র সিং ধোনি এক অন্য উচ্চতায় নিয়ে গেছে নিজেকে। অনিল কুম্বলে বেশি দিন নেতৃত্ব দেননি। হয়তো আরও একটু বেশি সময় নেতৃত্ব দিতে পারতেন তিনি। তবে রাহুল দ্রাবিড়ের নেতৃত্ব সবচেয়ে উপভোগ করেছি।’

কেন রাহুল দ্রাবিড় তার পছন্দের অধিনায়ক, সেটাও বলেছেন ইরফান পাঠান। তার মতে, ‘দলে আমার ভূমিকা ঠিক কী ছিল সেটা অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড় সবসময় স্পষ্ট করে দেন। রাহুলের নেতৃত্ব নিয়ে বেশি আলোচনা হয়না হয়তো। তবে মনে রাখতে হবে ওর সময়েই টানা ১৪-১৬টা ম্যাচ রান তাড়া করে জিতেছিলাম আমরা। যেটা সেই সময় রেকর্ড ছিল।’

২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। খারাপ সময়ে রাহুল দ্রাবিড় যেভাবে সকলের পাশে দাঁড়ান তা নিয়ে ইরফান বলেন, ‘বিশ্বকাপে হেরে আমরা খুব বিষণ্ন ছিলাম। দ্রাবিড় আমাকে আর ধোনিকে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল। বেশ কিছুসময় চুপচাপ থাকার পর বলে, এটাই শেষ নয়।’

এরপরই ইরফান বলেন, ‘আমি রাহুল দ্রাবিড়ের জন্য প্রাণ দিতেও প্রস্তুত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত