বজ্রপাতে ২ ছাত্রসহ ৫ শিশু-কিশোরের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২০, ০৬:৪৯ এএম

বজ্রপাতে হবিগঞ্জের বাহুবলে শিশু ও কিশোর, সুনামগঞ্জের দিরাইয়ে শিশু এবং মৌলভীবাজারের কমলগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুলছাত্র মারা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

হবিগঞ্জ : বাহুবল উপজেলায় বজ্রপাতে দুই শিশু কিশোরের মৃত্যু হয়েছে। এরা হলো নোয়াওই গ্রামের দরদ মিয়ার ছেলে ওরকাইদ (১১) ও মানিকা গ্রামের আবদুস সালামের ছেলে নছর উদ্দিন (১৭)। গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে এই দুইটি ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সকাল ৮টায় ওরকাইদ তার বড় জুনাইদের সঙ্গে বাড়ির পাশ^বর্তী একটি বিলে মাছ ধরতে যায়। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে ওরকাইদ মারা যায়। আহত হয় জুনাইদ ও তার বন্ধু উসমান।

এদিকে একই উপজেলার মানিকা গ্রামের নছর উদ্দিন সকাল ৬টায় জারিয়া বিলে মাছ ধরতে যায়। পরে সকাল ৯টায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নছর মারা যায়।

সুনামগঞ্জ : দিরাই উপজেলায় বজ্রপাতে তকবির মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তকবির উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামের খালেক মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ললুয়ারচরের তকবির উপজেলার মিলনগঞ্জ বাজারের পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাত হলে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুরে বজ্রপাতে জুবের উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। জুবের উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন বেপারির ছেলে এবং কমলগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্বজনরা জানান, সকালে গরু নিয়ে বাড়িতে প্রবেশকালে বজ্রপাত হলে তার সারা শরীর ঝলসে যায়। পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে বজ্রপাতে মোহাম্মদ তুহিন নামে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খইয়াছড়া ইউনিয়নের  পোলমোগরা এলাকায় এই ঘটনা ঘটে। তুহিন খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পশ্চিম পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির প্রবাসী বাবুল মিয়ার ছেলে। ওই এলাকার বাসিন্দা ও বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী রায়হান চৌধুরী জানান, বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে জমি থেকে মরিচ তোলার সময় বজ্রপাতে তুহিন ঘটনাস্থলেই মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত