হাঁটু দিয়ে গলা চেপে ধরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে মার্কিন পুলিশের হত্যার ঘটনায় সারা বিশ্ব যখন সমালোচনায় মুখর, ঠিক তার মধ্যেই ভারতেও একই ধরনের ঘটনা ঘটল। তবে, ভারতের ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুলিশের হাঁটু গেড়ে এক ব্যক্তিকে ধরার ঘটনার ভিডিও দেখে অনেকেই বলছেন, এটা ঠিক জর্জ ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি।
বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে সোমকরণ নামের এক ব্যক্তি মাস্ক না পড়ে রাস্তার ধারে বসে থাকায় টহল পুলিশের জেরার মুখে পড়েন।
দুই পুলিশ সদস্য তার কাছে জানতে চান, কেন মাস্ক পরেননি। তা নিয়েই পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। হাতাহাতির ঘটনাও ঘটে। সেই সময়ই এক পুলিশ সদস্য সোমকরণকে মাটিতে শুইয়ে তার গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন। পরিস্থিতি দেখে স্থানীয় মানুষজন এগিয়ে আসেন। তাদের হস্তক্ষেপে পুলিশ সোমকরণকে ছাড়ে। তবে গ্রেপ্তার করা হয় সোমকরণকে। পুলিশকে শারীরিক লাঞ্ছনার অভিযোগে মামলা হয়েছে সোমকরণের বিরুদ্ধে।
পাশ থেকে কেউ একজন পুরো ঘটনাটি ভিডিও করে আপ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি।
সোমকরণকে এমন অমানবিকভাবে হাঁটু দিয়ে গলা চেপে ধরা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। পুলিশ বলছে, মাস্ক না পরায় জরিমানা দিতে বলায় পুলিশ সদস্যদের জামাকাপড় ছিঁড়ে ফেলেছেন সোমকরণ। তাই পুলিশকে আক্রমণাত্মক হতে হয়েছে।
প্রসঙ্গত, হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরেছিল পুলিশ। ছটফট করতে করতে তিনি পুলিশকে বলেছিলেন, আমি নিশ্বাস নিতে পারছি না। ছাড়েনি পুলিশ। আট মিনিট পর ছাড়া হলো, কিন্তু জর্জ ততক্ষণ না–ফেরার দেশে চলে গেছেন। আমেরিকায় জর্জ ফ্লয়েডের পরিণাম দেখে বিক্ষোভ হচ্ছে বিশ্বব্যাপী।
