অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষরাই হবেন ডিজিটাল বিপ্লবের লিডার : পলক

আপডেট : ০৬ জুন ২০২০, ০৪:০৬ এএম

অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষরাই ডিজিটাল বিপ্লবের লিডার হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘ভবিষ্যতের চাহিদা পূরণে সরকার ফ্রন্টিয়ার (অত্যাধুনিক) প্রযুক্তিতে দক্ষ মানুষ তৈরি করছে। যারা প্রত্যেকেই আগামীতে ডিজিটাল বিপ্লবে নেতৃত্ব দেবেন।’

গতকাল শুক্রবার অনলাইনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড গ্রোথ অব দ্য আইটি-আইটিইএস ইন্ডাস্ট্রি (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে ফ্রন্টিয়ার টেকনোলজির প্রশিক্ষণ কার্যক্রমের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্রন্টিয়ার প্রযুক্তিতে দক্ষ মানুষরাই হবেন ডিজিটাল বিপ্লবের নেতা। এজন্য চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটির মতো ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ মানুষ তৈরি করছে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে একদিকে যেমন চ্যালেঞ্জ রয়েছে, অপরদিকে রয়েছে বিশাল সম্ভাবনা। আর এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতেই ফ্রন্টিয়ার টেকনোলজির ওপর প্রশিক্ষণ শুরু করেছে।

তিনি বলেন, আগামীতে অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ মানুষের চাহিদা পূরণে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (এসএইচআইএফটি) প্রতিষ্ঠা করছে সরকার। এ ইনস্টিটিউটটি চালু হলে প্রতিবছর ফ্রন্টিয়ার টেকনোলজিতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনশক্তি তৈরি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত