ঝালকাঠিতে নিখোঁজের তিন দিন পর রাকিব হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলার রাজাপুর উপজেলার বরইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকার বিশখালী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে বাদুরতলা লঞ্চঘাটে নোঙর করা একটি বালুর জাহাজে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় পা পিছলে বিশখালী নদীতে পড়ে নিখোঁজ হন রাকিব।
এরপর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা রাকিবকে অনেক খোঁজাখুঁজি করলেও পায়নি। নিখোঁজের তিন দিন পর শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে চল্লিশ কাহনিয়া এলাকায় ইটের বাটার পাশে বিশখালী নদীতে বাকিবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখুরিজনা গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে রাকিব বরিশাল হাতেম আলী কলেজের ভূগোল বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে থেকে আমি মৃত রাকিবের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। বাকিবের মৃত্যুর ব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপরে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
