দুই হাসপাতাল ফিরিয়ে দিল বলিউড প্রযোজককে, করোনায় মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২০, ০৩:৪০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের প্রযোজক অনিল সুরি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

জি নিউজ জানায়, বেড নেই বলে অনিল সুরিকে ভর্তি করেনি মুম্বাইয়ের লীলাবতী ও হিন্দুজা হাসপাতাল। এমন অভিযোগ প্রয়াত প্রযোজকের ভাই রাজিব সুরির।

তিনি বলেন, “২ জুন থেকে জ্বর ছিল অনিল সুরির। পরের দিনই তার অবস্থার অবনতি হয়, শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। হিন্দুজা ও লীলাবতী দুই হাসপাতালই বেড নেই জানিয়ে তাকে ভর্তি নিতে চায়নি। বুধবার রাতে তাকে একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। উনি কভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা জানায়, কিছু সমস্যা রয়েছে। তাই ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সন্ধ্যা ৭টা নাগাদ অনিলের মৃত্যু হয়।''

শুক্রবারই ওশিওয়ারা শশ্মানে অনিল সুরির শেষকৃত্য সম্পন্ন হয়। যেখানে তার পরিবারের মাত্র ৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

১৯৭৯ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের ‘মঞ্জিল’-এর প্রযোজক ছিলেন অনিল সুরি, এই ছবির পরিচালক বাসু চ্যাটার্জিও দিন দুয়েক আগে মারা গেছেন। অনিল সুরি ‘রাজ তিলক’, ‘কর্মযোগী’সহ অনেক ছবির প্রযোজক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত