ঘূর্ণিঝড় আম্পানে খুলনা জেলায় মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ৮ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় আম্পান খুলনায় আঘাত হানে ২০ মে। উপকূলীয় এলাকার জনগণ যাতে নিরাপদে থাকতে পারেন সেজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। আম্পানের আঘাত থেকে বাদ যায়নি শিক্ষাপ্রতিষ্ঠানও। জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৮ হাজার টাকা।
জেলার ছয়টি উপজেলার দাখিল ও কারিগরি পর্যায়ের ২৩টি প্রতিষ্ঠানে ক্ষতি ধরা হয়েছে ৪০ লাখ টাকা। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে, দরজা-জানালা ভেঙে গেছে। প্রতিষ্ঠানের আঙিনায় থাকা গাছ উপড়ে পড়েছে। নষ্ট হয়েছে সোলার প্যানেল, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ওয়াইফাই সুবিধা। ফুলতলা উপজেলার রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচটি কক্ষ উড়ে গেছে। ভেঙে গেছে কক্ষের পাকা খুঁটি।
