ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ যাত্রীর সন্ধান মিলেনি। তীব্র স্রোতের কারণে ডুবুরিদের উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে।
গত শুক্রবার সকাল ৮টার দিকে সদরপুর উপজেলায় পদ্মা নদীতে ২৬ যাত্রী নিয়ে ডুবে যায় ইঞ্জিনিচালিত একটি ছোট নৌকা। এরপর নৌকার ২১ আরোহী সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হন পাঁচজন। তারা সবাই পদ্মা নদীর চরে বাদাম তুলতে যাচ্ছিলেন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, ওই নৌকাডুবির পরপরই স্থানীয়ভাবে স্পিডবোটযোগে উদ্ধার তৎপরতা চালানো হয়। আর বিকেল ৪টায় ঢাকা থেকে আসা ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। দুই ঘণ্টা কাজ চালানোর পর সন্ধ্যার একটু আগে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়।
তিনি জানান, নিখোঁজ ওই শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।
