সোনাগাজীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা

আপডেট : ০৭ জুন ২০২০, ০১:৫০ পিএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে দুই বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগে মাইন উদ্দিনে নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে ওই তরুণী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন।

অভিযুক্ত মাইন উদ্দিন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, একই এলাকার বাসিন্দা হওয়ার কারণে তাজুল ইসলাম তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে প্রলোভিত করতেন। তিনি বিবাহিত ও সন্তান থাকায় প্রতিবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ভয় দেখিয়ে তাকে প্রেমের সম্পর্কে জড়াতে বাধ্য করেন।

২০১৮ সাল থেকে মাইন উদ্দিন তাদের দরিদ্রতার সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে যৌন নির্যাতন শুরু করে।

মামলায় আরও উল্লেখ করেন, গত ৫ মাস আগে তরুণী বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি মাইন উদ্দিনকে জানিয়ে বিয়ে করার জন্য বললে তিনি নির্যাতন শুরু করে এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করেন।

ওই তরুণী বলেন, গরীব হওয়ার কারণে মাইন উদ্দিনের অনৈতিক দাবি মেনে নিতে বাধ্য হয়েছি। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরও  নির্যাতন সইতে না পারার কারণে অবশেষে মামলা দায়ের করতে বাধ্য হই।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত