চার দিন সর্দি-জ্বরে ভুগে শনিবার সকালে মারা যাওয়া চট্টগ্রামের সীতাকুন্ড থানার উপপরিদর্শক একরামুল ইসলামের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। শনিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, ২ জুন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন এসআই একরাম। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছিলেন তিনি। চার দিনেও জ্বর না কমাতে গতকালই করোনা পরীক্ষা করার কথা ছিল তার। শনিবার সকালে ফ্ল্যাটের অন্য কক্ষে থাকা দুজন অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিন এক এসআইয়ের মৃত্যু ছাড়াও করোনা শনাক্ত হয় পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমস বণিক ও এক পুলিশ সদস্যের। তারা বর্তমানে চট্টগ্রাম নগরীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গায়ে জ্বর থাকাতে কোয়ারেন্টাইনে রয়েছেন আরো সাত সদস্য।
সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, গতকাল ২৪ জনের নমুনা দেওয়া হয়েছে। আজ আরো কয়েক জনের নমুনা প্রদান করা হবে। পরিদর্শক সুমন বণিকের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলেও তিনি জানান।
