জৈব সুরক্ষিত পরিবেশে থুতুতে ঝুঁকি নেই পোলক

আপডেট : ০৮ জুন ২০২০, ১২:০৭ এএম

ক্রিকেট বলের শাইন বজায় রাখতে থুতু বা লালা ব্যবহার করে থাকেন ক্রিকেটাররা। তবে করোনাভাইরাসের কারণে এ অভ্যাসকে বিপজ্জনকই ভাবছেন অনেকে। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে তাই লালা ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করেছে আইসিসি ক্রিকেট কমিটি। তবে জৈব সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করলে যতটা বিপজ্জনক ভাবা হয়েছিল, ঠিক তেমন সমস্যা তৈরি করবে না বলে মনে করেন আইসিসির ক্রিকেট কমিটির সদস্য দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক।

এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পর যদি আইসোলেশন ও কোয়ারেন্টাইন মানা হয়, তাহলে লালা নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই বলেই মনে করেন পোলক। ফলোয়িং অন ক্রিকেট পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পেসার বলেন, ‘আমার মনে হয় যে পরিবেশ সৃষ্টি হচ্ছে তাতেই সমাধান মিলবে কারণ সবাই অনেকটা বিচ্ছিন্ন পরিবেশের মধ্যে থাকবে। সবার পরীক্ষা করা হবে, দুই সপ্তাহের ক্যাম্পে থাকবে যেখানে শারীরিক পরিবর্তনের দিকে খেয়াল রাখবে তারা।’ ‘যদি লক্ষণ না থাকে, তাহলে আসলে বলের উজ্জ্বলতা ধরে রাখতে আপনি কী ব্যবহার করলেন, তাতে কিছু যায় আসে না। কারণ আপনি বিচ্ছিন্ন অবস্থায় আছেন, করোনাভাইরাস আছে এমন কার সংস্পর্শে আসেননি আপনি। ফলে স্বাভাবিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবেন আপনি। আমার মনে হয় কোনো দর্শক থাকবে না মাঠে, যেখানেই খেলা হোক না কেন সেটি জীবাণুমুক্ত করা হবে, সংশ্লিষ্ট সবকিছুই করা হবে।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত