পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করে ছেলে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা মো. শামসুল হুদা (৭২)।
সোমবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছেলে আল আমিনকে (৩২) গত ১৯ মে দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ঝগড়া বাধিয়ে নূর আলম ও তার ছেলে মো. আলমগীর হোসেন হামলা করে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন রাতেই সে মারা যায়।
এ ঘটনায় তিনি ২১ মে আটোয়ারী থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে অন্য একজন আসামি গত ৪ মে আদালত থেকে জামিন পেয়ে তাকে হুমকি দিচ্ছে। বাড়াবাড়ি করলে ছেলের মত অবস্থা হবে বলে হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই শহীদুল জব্বার শাহিন, মামা মুক্তিযোদ্ধা ইউসুফ আলী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাবদারুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান রাজু ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আটোয়রারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজারউদ্দিন বলেন, আসামিদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
