পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী মুক্তিযোদ্ধা বেগম শাহান আরা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে শাহান আরাকে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ জানিয়েছেন।
বেগম শাহান আরা বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা। এছাড়া তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।
শাহান আরার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা শাহান আরাকে বিএসএমএমইউতে ভর্তি করান। রবিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
