করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও একজন সদস্য মারা গেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার নাম আবদুস সোবহান (৪৬)। তিনি অঙ্গীভূত আনসার সদস্য হিসেব কাজ করতেন। বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহনাজ তাবাসসুম রেবিন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত আবদুস সোবহানের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাইহাট গ্রামে। তার আইডি নম্বর ৪৬০০৩। সোবহান গত ২২ মে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার মোহাম্মদ আলী জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। তার নির্দেশে বগুড়া জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অনুসরণ করে আবদুস সোবহানের গ্রামের বাড়িতে দাফনকাজ সম্পন করেন।
